ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে একদিনে ২৩ বার হামলা চালাল সশস্ত্র গোষ্ঠী
অনলাইন ডেস্ক
ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে, তাদের যোদ্ধারা গত একদিনে ইরাক ও এ অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ২৩টি অভিযান চালিয়েছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, এসব হামলায় তারা কয়েক ডজন ড্রোন ব্যবহার করেছে।
এদিকে, ইরাকে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকি বাড়ায় এ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের ইরাকি দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দেশজুড়ে-কুর্দি অঞ্চলে, মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্র-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। এ কারণে মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগ করতে এবং বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস বা এরবিলে থাকা কনস্যুলেট জেনারেলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, ইরাকের আকাশপথে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলার ঝুঁকি এখনও বিদ্যমান। এ কারণে দেশটির আকাশসীমা বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৭তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে।
সূত্র: আল-জাজিরা
