ইরান এখনো ট্রাম্পের ‘রেড লাইন’ মানেনি

অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষে কড়া বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইরান এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত ‘রেড লাইন’ মানতে রাজি হয়নি।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আলোচনার কিছু দিক ভালো হয়েছে। দুই পক্ষ আবার বসতে রাজি হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘প্রেসিডেন্ট কিছু সীমা ঠিক করে দিয়েছেন। ইরান এখনো সেগুলো স্বীকার করতে বা সে অনুযায়ী এগোতে রাজি নয়।’

তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক পথেই সমাধান চায়। তবে প্রয়োজন হলে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন কখন আলোচনা শেষ বলে গণ্য হবে। অর্থাৎ, কূটনীতি ব্যর্থ হলে অন্য পথও খোলা আছে—এমন ইঙ্গিত দেন ভ্যান্স।

জেনেভায় প্রায় চার ঘণ্টা বৈঠক হয় ওমানের মধ্যস্থতায়। ইরানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, দুই দেশ চুক্তির ‘মূল নীতিগুলো’ নিয়ে কিছুটা সমঝোতায় পৌঁছেছে। তবে অনেক কারিগরি বিষয় এখনো বাকি।

আলোচনায় পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিল, এবং ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। দুই পক্ষ সম্ভাব্য চুক্তির একটি খসড়া তৈরিতে সম্মত হয়েছে। খসড়া বিনিময়ের পর পরবর্তী বৈঠকের তারিখ ঠিক হবে।

এদিকে ইরান জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে ট্রাম্পের নির্ধারিত শর্ত পরিষ্কারভাবে মানতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights