ইরান যুদ্ধের প্রভাবে চীনের জ্বালানি আমদানি হ্রাস

অনলাইন ডেস্ক

ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার। হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে চলছে অস্থিরতা। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় চীনে জ্বালানি আমদানি কমেছে।

দেশটির শুল্ক বিভাগের তথ্যানুসারে, এপ্রিল মাসে চীনের অপরিশোধিত তেল আমদানি গত বছরের তুলনায় ২০ শতাংশ কমে ৩৮.৫ মিলিয়ন মেট্রিক টনে দাঁড়িয়েছে। যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন।

চীন তার অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। কিন্তু চলমান যুদ্ধের কারণে সমুদ্রপথ (প্রণালি) বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল ও পরিশোধিত পণ্যবাহী ট্যাঙ্কার চলাচলের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

শনিবার প্রকাশিত চীনের এই তথ্যে সমুদ্রপথ এবং পাইপলাইনের মাধ্যমে আসা তেলের আলাদা হিসাব দেখানো হয়নি। তবে জাহাজ ট্র্যাকিং সংস্থা ‘কেপলার’-এর তথ্যমতে, সমুদ্রপথে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ছিল দৈনিক ৮.০৩ মিলিয়ন ব্যারেল। যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়।

প্রাকৃতিক গ্যাস আমদানিও ১৩ শতাংশ কমে ৮.৪২ মিলিয়ন টনে নেমেছে। যদিও এই তথ্যে সমুদ্রপথের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং পাইপলাইনের গ্যাসের হিসাব আলাদা করা নেই। চীন মধ্যপ্রাচ্য থেকে উল্লেখযোগ্য পরিমাণে এলএনজি আমদানি করে থাকে।

তবে বছরের প্রথম চার মাসের সামগ্রিক হিসাবে চীনের অপরিশোধিত তেল আমদানি গত বছরের তুলনায় এখনও ১.৩ শতাংশ বেশি (১৮৫.৩ মিলিয়ন টন) রয়েছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights