ইরান যুদ্ধের ‌‘সমাপ্তি দেখছে’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যুদ্ধে ওয়াশিংটন তার নির্ধারিত লক্ষ্যগুলো পরিকল্পিত সময়ের আগেই অর্জন করতে সক্ষম হচ্ছে এবং এই যুদ্ধের সমাপ্তি এখন ‘দৃষ্টিসীমায়’ রয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং যুদ্ধের প্রতিটি লক্ষ্যমাত্রা অর্জনে তারা হয় নির্ধারিত সময়ে আছে, নতুবা সময়ের চেয়ে এগিয়ে রয়েছে। আজ দিনের শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হওয়ার যে ইঙ্গিত দিয়েছিলেন, রুবিওর বক্তব্যে তারই প্রতিধ্বনি শোনা গেল।

মার্কিন শীর্ষ এই কূটনীতিক দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের নৌ ও বিমানবাহিনীর অধিকাংশ শক্তি ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে। এ ছাড়াও দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রের একটি বড় অংশ এবং ড্রোন ও মিসাইল তৈরির কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

রুবিও জোর দিয়ে বলেন, যুদ্ধের ইতি টানার সময় আজ বা কাল না হলেও তা খুব নিকটবর্তী। সামরিক লক্ষ্যগুলো অর্জিত হওয়ার পর মার্কিন বাহিনী তাদের মিশন সফলভাবে সম্পন্ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বিবৃতির মাধ্যমে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে বড় ধরনের অগ্রগতির বার্তা দিলেন তিনি।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights