ইরানি সেই জাহাজের কাউকে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে চাপ যুক্তরাষ্ট্রের?

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টর্পেডো হামলায় শ্রীলঙ্কা উপকূলে ভারত মহাসাগরে ডুবে গেছে ইরানের একটি যুদ্ধজাহাজ। সেখান থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে, তাদের ইরানে ফেরত না পাঠানোর জন্য শ্রীলঙ্কা সরকারকে চাপ দিচ্ছে আমেরিকা- এমনটিই দাবি করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ একটি নথি থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গেও যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের রণতরী ডেনা ভারতের বিশাখাপত্তনমে একটি মহড়ায় যোগ দিতে এসেছিল। সেখান থেকে ফেরার পথে ভারত মহাসাগরে তাদের ওপর হামলা হয়। মার্কিন সাবমেরিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ডুবিয়ে দেয় ইরানি রণতরীকে। রিপোর্ট লেখা পর্যন্ত ৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে শ্রীলঙ্কার নৌসেনা স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। ইরানের দ্বিতীয় একটি রণতরীকেও আশ্রয় দিয়েছে শ্রীলঙ্কা। সেই আইআরআইএস বুশেহর জাহাজের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ২০৪ জনকে উদ্ধার করে কলম্বোতে পাঠানো হয়েছে। তাদের ইরানে ফেরানোর বিষয়ে কথাবার্তা চলছে। এর মাঝেই রয়টার্সের প্রতিবেদন প্রকাশ্যে এল।

মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ নথিতে ৬ মার্চ তারিখের উল্লেখ রয়েছে। ওই নথি উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, কলম্বোর মার্কিন দূতাবাসের কর্মকর্তা জেন হাওয়েল শ্রীলঙ্কা সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। বলা হয়েছে, ডেনা থেকে উদ্ধার করা ইরানি নাবিক এবং বুশেহর থেকে কলম্বোয় আশ্রয় নেওয়া ইরানি নাবিকদের যেন কোনওভাবেই এখন ইরানে ফেরত পাঠানো না হয়। এই নাবিকদের ‘বন্দি’হিসেবে বলে উল্লেখ করা হয়েছে নথিতে। বলা হয়েছে, বন্দিদের ব্যবহার করে আমেরিকাবিরোধী যে প্রচার ইরান চালানোর চেষ্টা করছে, শ্রীলঙ্কা যেন তাতে সঙ্গ না দেয়। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করতে চায়নি। শ্রীলঙ্কা সরকারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

নথি অনুযায়ী, ভারত এবং শ্রীলঙ্কায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন হাওয়েল। তাদের জানানো হয়েছে, দুই ইরানি যুদ্ধজাহাজের আরোহীদের ইরানে ফেরানোর কোনও পরিকল্পনা এই মুহূর্তে নেই। রাষ্ট্রদূতেরা জানতে চেয়েছেন, ইরানি বন্দিদের সঙ্গে আমেরিকার পক্ষ থেকে কোনও যোগাযোগ ইতোমধ্যে করা হয়েছে কি না। তাদের ইরান সরকারের সঙ্গ ত্যাগ করতে আমেরিকা উৎসাহ দিচ্ছে কি না, জানতে চেয়েছেন ভারত ও শ্রীলঙ্কায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতেরা। নথিতে সে বিষয়ে উল্লেখ রয়েছে। নয়াদিল্লির ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।

শ্রীলঙ্কার মন্ত্রী গত বুধবার জানিয়েছিলেন, ডেনা থেকে উদ্ধারকৃত মরদেহগুলো দেশে ফেরানোর জন্য ইরান সরকার তাদের অনুরোধ করেছে। তবে কত দিনে তা করা যাবে, সে বিষয়ে কোনও তথ্য মেলেনি। সূত্র: রয়টার্স, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights