ইরানি হামলা ইস্যুতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

অনলাইন ডেস্ক

সৌদি আরবের ওপর ইরানি হামলা ইস্যুতে জরুরি বৈঠক করেছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সাউদ ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

শনিবার রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে সৌদি আরবের ওপর ইরানি হামলা পর্যালোচনা করেছে।

তারা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সহায়ক নয় এমন কর্মকাণ্ড বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে ইরান বিচক্ষণতা ও যুক্তি প্রয়োগ করবে এবং এমন পদক্ষেপ নেবে না যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

বৈঠকে জেনারেল স্টাফ প্রধান ফায়ায আল-রুয়াইলি এবং প্রতিরক্ষা মন্ত্রীর গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা হিশাম বিন সাইফ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।

সূত্র : ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights