ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?
অনলাইন ডেস্ক
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির পর মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক বিন্যাস পুনর্মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে পূর্বে মার্কিন প্রশাসনের স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১ মার্চ প্ল্যানেট ল্যাবস পিবিসি-র তোলা স্যাটেলাইট চিত্রে ঘাঁটির বেশ কয়েকটি স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে, যা ইরানের হামলার ভয়াবহতা স্পষ্ট করে তোলে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন এখন বাহরাইনের এই ঘাঁটিটি সংস্কারের পাশাপাশি কুয়েত ও সৌদি আরবে তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। মার্কিন কর্মকর্তারা তাদের সামরিক অবকাঠামো ও কর্মকাণ্ডকে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সীমার বাইরে, আরও পশ্চিম দিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন।
এই কৌশলগত স্থানান্তরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটি ও অপারেশন ইসরায়েলে সরিয়ে নেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন যে, সম্ভাব্য নতুন অবস্থান হিসেবে ইসরায়েলকে একটি অন্যতম প্রধান বিকল্প মনে করা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন ভূরাজনীতি ও সামরিক কৌশলে এক বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
