ইরানে হামলার পর ট্রাম্প বললেন, হরমুজ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইরান মঙ্গলবার দিবাগত রাতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। ঘটনার পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে বাধ্য করছেন না। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের নতুন চুক্তির খবরও নাকচ করে দেন তিনি। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন আমাদের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে এবং ইরানের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমাদের এই অবস্থানই আমার বেশি পছন্দ।

ইরান নিজেদের অনিবার্য পরিণতি ডেকে আনছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ইরানের জনগণ কবে রুখে দাঁড়াবে এবং লড়াই করবে?

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশা ফিকে হয়ে গেছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বেড়ে ৯৫.৫২ ডলারে এবং ডব্লিউটিআই ক্রুড ৮০ সেন্ট বেড়ে ৯১.০২ ডলারে দাঁড়িয়েছে। আগের দিনও উভয় তেলের দাম ৪ ডলারের বেশি বেড়েছিল, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ বৃদ্ধি।

রয়টার্স জানিয়েছে, মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট দাবি করেছেন, সোমবার হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ৭০ লাখ ব্যারেল তেল পারাপার হয়েছে। ইরান যুদ্ধের পর এটিই এই পথে সর্বোচ্চ অপরিশোধিত তেল প্রবাহ। তবে জাহাজ-ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্যের সঙ্গে এর মিল নেই। তাদের মতে, সোমবার সেখানে মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ গেছে, যার মধ্যে কোনো তেলের ট্যাংকার ছিল না। মূলত ট্র্যাকিং যন্ত্র বন্ধ রাখা জাহাজগুলো তাদের হিসাবে আসে না। রাইট আগেই জানিয়েছিলেন, রেকর্ডের চেয়ে বাস্তবে অনেক বেশি তেল হরমুজ দিয়ে পারাপার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights