ইরানে ৯০ মিনিটের হামলার সমাপ্তি ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ হামলা প্রায় ৯০ মিনিট ধরে চলে এবং এতে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেন্টকম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানায়, গ্রিনিচ মান সময় বেলা ১১টা ৩০ মিনিট এবং তেহরান সময় বিকাল ৩টায় নতুন দফার এই হামলা শেষ হয়।

বিবৃতিতে বলা হয়, ৯০ মিনিটের অভিযানে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রেটার তুনব দ্বীপে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংরক্ষণাগার এবং উৎক্ষেপণস্থল লক্ষ্য করে নির্ভুলভাবে পরিচালিত (প্রিসিশন) গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এই হামলার ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার কারণে এই নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, গ্রেটার তুনব দ্বীপে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত হরমুজ প্রণালীতে ইরানের সামরিক উপস্থিতি ও নৌ সক্ষমতা সীমিত করার কৌশল বাস্তবায়নের চেষ্টা করছে। তবে এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলতে পারে।

তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights