ইরানের জব্দ অর্থে আক্রান্ত জাহাজের ক্ষতিপূরণ দিতে চান ট্রাম্প, যা বলছে তেহরান
অনলাইন ডেস্ক
লোহিত সাগরে হুতিদের হামলার পর জাহাজের ক্ষয়ক্ষতি মেটাতে যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের অর্থ ব্যবহারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ একটি ‘উসকানিমূলক’ ও বিপজ্জনক বৈশ্বিক নজির স্থাপন করবে।
গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। এর মাঝেই ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরে দুটি সৌদি তেলের ট্যাংকারে হামলা চালালে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে টানাপোড়েন দেখা দেয়। এরপরই বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা দেন, জাহাজ বা কার্গোর যেকোনো ক্ষতিপূরণ এখন থেকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থ দিয়ে মেটানো হবে।
ট্রাম্পের এই হুমকির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এর কড়া সমালোচনা করেন। তিনি লেখেন, একটি দেশের সম্পদ বাজেয়াপ্ত করা চরম উসকানিমূলক নজির।
যারা এই অর্থ থেকে লাভবান হওয়ার উল্লাস করছেন, তাদের সতর্ক করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারগুলো যদি একবার সম্পদ বাজেয়াপ্ত করাকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলে, তবে বিশ্বে কারও সম্পদই আর নিরাপদ থাকবে না। এর ফলে যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তা মোটেও সুন্দর বা শান্তিপূর্ণ হবে না।
বর্তমানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইরানের প্রায় ২০০ কোটি ডলার জব্দ রয়েছে। এ ছাড়া বিশ্বজুড়ে আটকে আছে আরও কয়েক হাজার কোটি ডলার। গত জুনে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এসব অর্থ ছাড় ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তি হয়েছিল। কিন্তু নতুন করে দুপক্ষের মধ্যে সংঘাত শুরু হওয়ায় সেই শান্তি প্রক্রিয়া এখন পুরোপুরি ভেস্তে গেছে।
