ইরানের পরমাণু ইস্যুতে যৌথ উদ্যোগ নিচ্ছে চীন-রাশিয়া

অনলাইন ডেস্ক
ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে একটি যৌথ উদ্যোগ নিচ্ছে রাশিয়া ও চীন। খুব শিগগিরই এই উদ্যোগ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।

এ সময় তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, তাদের পদক্ষেপ এই ইস্যুটিকে রাজনৈতিক রূপ দিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও ইরানের মধ্যে সহযোগিতার মাত্রা ক্ষতিগ্রস্ত করেছে।

মিখাইলের এই মন্তব্য এমন সময়ে এল, যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০১৫ সালের পরমাণু চুক্তি, যা ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)’ নামে পরিচিত- অনুযায়ী ইরানের ওপর থেকে উঠিয়ে নেওয়া নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে।

আর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তথাকথিত ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করার পক্ষে চাপ দিচ্ছে। তাদের অভিযোগ, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেনি।

জেসিপিওএ-এর বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অনুযায়ী, কোনও পক্ষ যদি দাবি করে ইরান চুক্তি ভঙ্গ করেছে, তাহলে তারা ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে গৃহীত নিরাপত্তা পরিষদের ছয়টি পূর্ববর্তী প্রস্তাব পুনর্বহালের দাবি করতে পারে।

তবে ইরান বলছে, ইউরোপীয়রা এই প্রক্রিয়া সক্রিয় করতে পারে না, কারণ তারাই প্রথম চুক্তি ভঙ্গ করেছে— ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর ক্ষতিপূরণ দিতে তারা অস্বীকৃতি জানিয়েছিল। সূত্র: মেহেরনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights