ইরানের সঙ্গে এই মুহূর্তে কূটনৈতিক চুক্তির প্রয়োজন মনে করছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সঙ্গে এই মুহূর্তে কোনো ধরনের কূটনৈতিক চুক্তিতে যেতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। উল্টো আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে চায় ট্রাম্প প্রশাসন।

তেহরান ইউনিভার্সিটির গবেষক মোহাম্মদ এসলামি আল জাজিরার কাছে যুক্তরাষ্ট্রের এমন কৌশলের কথা তুলে ধরেছেন। তার মতে, হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে একটি ‘হিসাব-নিকাশ করা’ বা পরিকল্পিত সংঘাতের পথে এগোচ্ছে ওয়াশিংটন।

এসলামি জানান, যুক্তরাষ্ট্রের ভুল হিসাবের ভিত্তিতে এই যুদ্ধের সূত্রপাত হলেও, সংঘাতের বর্তমান গতিপথ নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) এখন বেশ আত্মবিশ্বাসী।

এই গবেষক সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার কারণে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার প্রবল শঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি ঠিক কতটা খারাপ হবে, তা সময়ই বলে দেবে। যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালি নিয়ে ওমান ও ইরান ইতিমধ্যে একটি রূপরেখায় পৌঁছালেও মার্কিনিরা মনে করছে, এখনই কোনো কূটনৈতিক চুক্তিতে যাওয়ার প্রয়োজন তাদের নেই।

তবে এই সংকটের দ্রুত অবসানের জন্য যুক্তরাষ্ট্রকেই আগে এগিয়ে আসতে হবে বলে মনে করে ইরান। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি বলেন, সম্মেলনে সব বৈঠকেই ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ)-এর বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরিত এই চুক্তিটি মূলত যুক্তরাষ্ট্রই লঙ্ঘন করেছে। আরাগচি জোর দিয়ে বলেন, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে হলে ওয়াশিংটনকে অবশ্যই এই সমঝোতার শর্ত মেনে নিজ প্রতিশ্রুতিতে ফিরতে হবে। কারণ, বিশ্বের সব দেশই এখন গভীরভাবে এই যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights