ইরানের সহায়তায় মার্কিন রাজনীতিকদের হত্যার পরিকল্পনা, নস্যাতের দাবি এফবিআইয়ের

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ রাজনীতিবিদদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে এফবিআই। এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছেন, ইরানের সহায়তায় এই ভয়ংকর ষড়যন্ত্রের পরিকল্পনা সাজানো হয়েছিল।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আসিফ মার্চেন্ট (৪৬)। তার বিরুদ্ধে নিউইয়র্কে একজন হামলাকারী ভাড়া করার চেষ্টা ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট রাজনীতিবিদদের হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। জুলাই মাসে তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি নিউইয়র্কে হেফাজতে রয়েছেন।

বিবিসির সূত্রে জানা গেছে, নেতাদের হত্যার ষড়যন্ত্রের তালিকায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও অন্তর্ভুক্ত ছিল। এই খবরের পরিপ্রেক্ষিতে গত জুনেই ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল, তবে ইতিমধ্যে তার ওপর এক দফা হামলাও হয়েছে।
এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে বলেন, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নাগরিকদের হত্যায় বিদেশি ষড়যন্ত্র চলছে, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।”

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, আসিফ মার্চেন্ট এপ্রিলে পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন। এর আগে তিনি ইরানে ছিলেন এবং সেখান থেকে সরাসরি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত একজনের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসে যোগাযোগ করেছিলেন। পুলিশের তৎপরতায় সেই যোগাযোগের বিষয়টি প্রকাশ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights