ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা

অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে কোনো নতুন সমঝোতা হওয়ার সম্ভাবনা থাকলেও তা ১১ বছর আগে তার প্রশাসনের করা পারমাণবিক চুক্তির তুলনায় উল্লেখযোগ্যভাবে ভিন্ন বা উন্নত হবে বলে মনে হয় না।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের অনুষ্ঠান দিস উইক-এ প্রচারিত এক সাক্ষাৎকারের অংশে ওবামা এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, সব শর্ত পূরণ না হলেও একটি সমঝোতায় পৌঁছানো অনেক সময় সর্বাত্মক যুদ্ধ এড়ানোর জন্য বেশি কার্যকর হতে পারে।

ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না জানিয়ে ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির প্রসঙ্গ টেনে ওবামা বলেন, ‘যে কোনো নতুন চুক্তি আমাদের করা মূল চুক্তি থেকে খুব বেশি আলাদা হবে বা তা উল্লেখযোগ্য উন্নতি বয়ে আনবে— এমনটা মনে হয় না।’

তিনি আরও দাবি করেন, তার প্রশাসনের করা চুক্তিটি দীর্ঘ সময় কার্যকর ছিল। পরে যুক্তরাষ্ট্র নিজেই সেই চুক্তি থেকে সরে যাওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে।

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সমঝোতা প্রচেষ্টার ধীরগতি প্রসঙ্গে ওবামা বলেন, এই পরিস্থিতি আবারও মনে করিয়ে দেয় যে আন্তর্জাতিক সংকটের সমাধানে শুধু চাপ প্রয়োগ বা সামরিক হামলার ওপর নির্ভর করা যায় না। তার ভাষায়, কূটনৈতিক উদ্যোগ ও বিস্তৃত আলোচনার মাধ্যমেই টেকসই সমাধান খুঁজতে হয়।

ওবামা বলেন, ‘শুধু ভয় দেখিয়ে বা বোমা ফেলে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এখন পর্যন্ত আমাদের সেই শিক্ষা নেওয়ার কথা ছিল।’ সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights