ইলিশ শিকারে নিষেধাজ্ঞার আগে চাল পাবে জেলেরা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মা ইলিশ শিকার নিষিদ্ধ সময়ে বরিশাল বিভাগের প্রায় সোয়া তিন লাখ জেলেকে ২৫ কেজি করে চাল দেবে সরকার। আগামী ১৩ অক্টোবর থেকে ২২ দিন বঙ্গোপসাগরসহ বরিশালের অভ্যন্তরীণ নদ-নদী থেকে ইলিশ মাছ শিকার, মজুদ, বিক্রি ও পরিবহণ নিষিদ্ধ থাকবে।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, আগামী ১৩ অক্টোবর শিকার নিষিদ্ধ সময়ের আগে সরকারের বরাদ্দের চাল জেলেদের মাঝে বিতরণ করা হবে। এই লক্ষ্যে চাল বরাদ্দ দেয়া হয়েছে। আমরা আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যে চাল বিতরণ করতে পারবো। মা ইলিশ শিকারে জেলেরা যেন নদীতে না নামে সেই জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, শিকার নিষিদ্ধ সময়ে বরিশাল বিভাগের ৬ জেলার ৪১ উপজেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জন জেলে চাল পাবে। এ জন্য ৭ হাজার ৯৯৫ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে ওই চাল বিতরণ করা হচ্ছে।
বরিশাল বিভাগের মধ্যে ভোলার সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাসন ও মনপুরা উপজেলার এক লাখ ৪০ হাজার ৯০০ জেলেদের জন্য চাল বরাদ্দ হয়েছে তিন হাজার ৫২২ দশমিক ৫০০ মেট্রিক টন চাল।
