ইলিশের দামে আগুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৈশাখ সামনে রেখে বরিশালের মোকামে চলছে আগুন দামে ইলিশের বেচাকেনা। এর মধ্যে দেড় কেজি সাইজের ইলিশ মাছ নেই হয়ে গেছে বাজার থেকে। আধা কেজি ওজন সাইজের মাছের দাম প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা। লাখ টাকা ছাড়িয়েছে ১ কেজি ২০০ গ্রাম সাইজের ইলিশ মাছের মণ। গতকাল নগরীর পোর্ট রোড বাজারের বিভিন্ন মোকাম ঘুরে দেখা গেছে এ চিত্র। বাজারে আছেও খুব সামান্য পরিমাণ মাছ। সব মিলিয়ে ৫০ মণ ইলিশ মাছও উঠেনি। তা এখন বিক্রি করছেন ব্যবসায়ীরা। পোর্ট রোডের মেসার্স আক্তার মৎস্য আড়তের মো. ইউসুফ বলেন, বর্তমানে জাটকা শিকারের নিষেধাজ্ঞা থাকায় ইলিশ মাছ বাজারে খুব কম। তাই বর্তমানে ইলিশ মাছের আগুন দাম। পোর্ট রোড বাজারের মৎস্য ব্যবসায়ী জহির সিকদার বলেন, এখন যে দাম- ১ বৈশাখ সামনে রেখে আরও বাড়বে।

কারণ ইলিশ মাছের সংকট দেখা দিয়েছে। যে মাছ পাওয়া যায়, তা স্থানীয় চাহিদা মেটানো সম্ভব নয়। এ সংকট কাটবে না। আরও বাড়বে। তাই এবার বৈশাখ উপলক্ষে ভারতে মাছ পাঠানোর চিন্তাও করা উচিত হবে না।

গতকাল বাজারে ১ কেজি ২০০ গ্রাম সাইজের মাছের প্রতি মণ এক লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ১ কেজি সাইজের ইলিশ মাছের মণ ১ লাখ ৫ হাজার, এলসি সাইজ মাছের প্রতি মণ ৯২ হাজার, আধা কেজি সাইজ ওজনের মাছ ৫৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।

বাজারে আসা বাবুগঞ্জের মাধবপাশা এলাকার বাসিন্দা মো. সুজন বলেন, দাম শুনে ইলিশ খাওয়ার শখ মিটে গেছে। দাম জিজ্ঞেস করে আমি থ হয়ে গেছি। আধা কেজি ওজন সাইজের মাছের দাম প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা চায়। পাল্টা দাম বলার কোনো সুযোগও নেই বলে বিক্রেতা জানিয়ে দিয়েছেন।

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যে কোনো মাছ শিকার নিষিদ্ধ থাকবে। এ ছাড়াও বর্তমানে নদীতে ইলিশ মাছ কম আসছে। তাই মাছ কম ধরা পড়ায় দাম বেশি। সামনে জোয়ার রয়েছে। সঙ্গে বৃষ্টি পড়লে মাছ পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights