ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে বাড়লো ঋণ সুবিধা, বেড়েছে ব্যক্তিগত ঋণের সীমাও

অনলাইন ডেস্ক
ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়ি কিনতে এখন থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। অন্যদিকে, ব্যক্তিগত গাড়ি কেনার ঋণসীমাও বাড়ানো হয়েছে। এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ৪০ লাখ টাকা ব্যক্তিগত ঋণ পাবেন।

মঙ্গলবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে ঋণ ও নিজস্ব বিনিয়োগ (ডেট-ইকুইটি) অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে, আর ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা বাড়িয়ে ৮০:২০ করা হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো ব্যক্তির ওপর ঋণের মোট এক্সপোজার নির্ধারণের ক্ষেত্রে তার নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও অন্তর্ভুক্ত হবে।

এছাড়া ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জামানত ছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে যথাযথ জামানত থাকলে ব্যাংকগুলো বেশি ঋণ দিতে পারবে, কিন্তু কোনো অবস্থায়ই তা ৪০ লাখ টাকার বেশি হবে না।

সার্কুলারে উল্লেখ করা হয়, ব্যাংকগুলোকে এমনভাবে ভোক্তা ঋণ বিতরণ করতে হবে, যাতে ‘কনজ্যুমার ফাইন্যান্সিং’ খাতে ঋণের প্রবৃদ্ধি কোনোভাবেই ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights