ইসরায়েলে ঘুরতে গিয়ে ১৭০০ বছরের পুরোনো রোমান নিদর্শন পেল ৮ বছরের শিশু

অনলাইন ডেস্ক
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে পরিবারের সঙ্গে ভ্রমণে গিয়ে এক আট বছর বয়সী শিশুর হাতে উঠে এসেছে প্রায় ১ হাজার ৭০০ বছরের পুরোনো রোমান যুগের একটি বিরল প্রত্নবস্তু। সাধারণ একটি পারিবারিক সফরই মুহূর্তে রূপ নেয় গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে।

রেহোভত শহরের বাসিন্দা ডর ভলিনিটজ নেগেভ মরুভূমির রামন গহ্বর এলাকায় ঘুরতে গিয়ে এই নিদর্শনটি খুঁজে পায়। ইসরায়েল প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ জানিয়েছে, বস্তুটি খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর রোমান সময়কার।

পরিবারের অবকাশযাপনমূলক ভ্রমণটি একটি প্যারাট্রুপার রিজার্ভ দলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। ডর জানায়, সে মাটিতে পড়ে থাকা অদ্ভুত জিনিস খুঁজছিল, যাতে পরে সেগুলো ক্লাসে দেখাতে পারে। হাঁটার সময় দাগযুক্ত একটি অস্বাভাবিক পাথর নজরে পড়লে সে সেটি তুলে নেয়।

পরে সে এটি তার বাবার পরিচিত প্রত্নতত্ত্ববিদ আকিভা গোল্ডেনহার্শকে দেখায়, যিনি একই সফরে ছিলেন। বস্তুটি হাতে নিয়েই তিনি বুঝতে পারেন, এটি সাধারণ পাথর নয়। প্রায় ছয় সেন্টিমিটার বাই ছয় সেন্টিমিটার আকারের এই খণ্ডে মানুষের দেহের একটি অংশ খোদাই করা রয়েছে এবং পোশাকের ভাঁজ অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি।

গোল্ডেনহার্শ জানান, এটি নেগেভ অঞ্চলে পাওয়া ফসফোরাইট খনিজ দিয়ে তৈরি, ফলে ধারণা করা হয় এটি স্থানীয়ভাবেই নির্মিত। মূর্তির পোশাকটি ‘হিমেশন’ নামের একটি ভারী চাদর, যা প্রাচীন যুগে ব্যবহৃত হতো। সূক্ষ্ম খোদাই প্রমাণ করে সে সময়ের শিল্পমান ছিল অত্যন্ত উন্নত।

রামন গহ্বর এলাকা একসময় প্রাচীন মসলা বাণিজ্য পথের অংশ ছিল। রোমান ও নাবাতিয়ান যুগে এটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংযোগস্থল হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন সংস্কৃতির মানুষের মিলন ও পণ্যের আদান-প্রদানের কেন্দ্র হিসেবেও এলাকাটির বিশেষ গুরুত্ব ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights