ইসলামাবাদের কাছে লাহোরের বড় হার, একাদশে ছিলেন না রিশাদ

অনলাইন ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরেছে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। ম্যাচে লাহোরের একাদশে ছিলেন না রিশাদ।

শুক্রবার রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে লাহোরকে ব্যাটিংয়ে পাঠায় ইসলামাবাদ। আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করায় লাহোর। দলের হয়ে ৩৮ বলে ৬৬ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন আব্দুল্লাহ শফিক। বাকিদের মধ্যে ২১ বলে ২৩ রান করেছেন সিকান্দার রাজা। বাকিরা তেমন কেউ আহামরি ভালো করতে পারেননি। ইসলামাবাদের হয়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। ৩ উইকেট তুলেছেন শাদাব খান।

জবাব দিতে নেমে শুরুতেই আন্দ্রেস গোউসের উইকেট হারিয়েছে ইসলামাবাদ। তবে পরিস্থিতি সামাল দেন সাহিবজাদা ফারহান এবং কলিন মুনরো। দেখেশুনে এগিয়েছেন দুজন। পরিস্থিতির চাহিদা মিলে তুলেছেন রান। অযথা তেড়েফুঁড়ে আক্রমণ করেননি। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে ইসলামাবাদ।

ফারহান থামেন ২৪ বলে ২৫ রান করে, দলের ৬৩ রানের মাথাতে। এরপর মুনরোর সাথে যোগ দেন সালমান আঘা। সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। দলের জয়টাও এসেছে বেশ সহজেই। ফিফটি ছুঁয়েছেন মুনরো। দুজনের জুটিতে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ। ৪২ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন মুনরো। ৩৪ বলে ৪১ রান করে টিকে ছিলেন সালমান। ১৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। রিশাদবিহীন লাহোরের বোলিং ছিল ভোঁতা। ১টি করে উইকেট নিয়েছেন আসিফ আফ্রিদি এবং হারিস রউফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights