ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ইবি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ছাত্রীরা মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলে ফিরে যায়।
এর আগে রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা দ্রুত হাদির খুনিদের বিচার ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন।
রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
