ইসি আদালতের নির্দেশনার অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক

আদালতের আদেশে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করে বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তা বৈধ ঘোষণা করেছেন। এতে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী আসনের সংসদ সদস্য হওয়ার পথ তার জন্য সুগম হলেও জটিলতা এখনো কাটেনি। জোট ও দলের অন্য নেত্রী মনিরা শারমিনের রিট এ জটিলতার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের ক্ষেত্রে আদালতের নির্দেশনার দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করলে তিনি হাই কোর্টে রিট করেন। আবদুর রহমানেল মাছউদ বলেন, মনিরা শারমিনের রিটের বিষয়টি আমাদের দৃষ্টিতে রয়েছে। ফলে সোমবার (আজ) গেজেট প্রকাশের বিষয়টি বলা যায় না। এটি আদালতের ওপর নির্ভর করছে। আদালত যদি রুল জারি করে তখন আমাদের নতুন সিদ্ধান্ত নিতে হবে। কারণ পদ মাত্র একটি। এখন নুসরাতকে দিয়ে দিলাম। আদালত বললেন, মনিরাকে রাখেন। ফলে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।

নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের পর আদালত থেকে মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হলে কী হবে- জানতে চাইলে তিনি বলেন, নুসরাতের গেজেট বাতিল হয়ে যাবে। তখন দুজন প্রার্থী হবে। আমরা বলতে পারি দুজনের মধ্যে কোনজন। অথবা ভোটে চলে যাবে। জামায়াত জোট ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করবে। গত ২১ এপ্রিল (মনোনয়নপত্র দাখিলের শেষ দিন) নির্ধারিত সময় বিকাল ৪টার ১৯ মিনিট পর জামায়াত জোট থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র দাখিল করা হয়। নির্ধারিত সময়ের পরে দাখিল করায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ২৩ এপ্রিল বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়নপত্রও বাতিল হয়ে যায়। হাই কোর্টে রিট করেন নুসরাত। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। রিটার্নিং কর্মকর্তা শনিবার বাছাই করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রবিবার বৈধ প্রার্থীর তালিকায় নুসরাতের নাম প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা।

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন সংখ্যার অনুপাতে নির্বাচন কমিশন বিএনপি জোটকে ৩৬, স্বতন্ত্র জোট এক এবং জামায়াত জোটকে ১৩টি আসন বণ্টন করে দেয়। নুসরাত-মনিরার আসনটি ছাড়া বাকি ৪৯টিতে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights