ঈদযাত্রা: বিভিন্ন রুটে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

অনলাইন ভার্সন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ও আশপাশের এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। গার্মেন্টস কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-আরিচা মহাসড়ক এবং পাটুরিয়া ঘাটমুখী রুটগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এ সুযোগে বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড ও শিমরাইল মোড়ে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা যায়। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের উপস্থিতি ছিল বেশি। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের পথে রওনা হলেও অতিরিক্ত ভাড়া, বাস সংকট ও দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগে পড়েছেন অনেকে।

গার্মেন্টস কর্মী মামুন আব্দুল্লাহ বলেন, ‘আজ গার্মেন্টস ছুটি দিয়েছে। সাধারণ সময়ে শিমরাইল মোড় থেকে পাটুরিয়া পর্যন্ত ভাড়া ২৩০ টাকা। এখন ৪০০ টাকা চাচ্ছে। আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, ঠিকমতো বাসও পাচ্ছি না। আমি মানিকগঞ্জের সাটুরিয়ায় যাব।’

তিনি অভিযোগ করেন, মোহাম্মদপুরগামী রজনীগন্ধা পরিবহন ও শ্রাবণ ট্রান্সপোর্ট পাটুরিয়া রুটে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

তবে শ্রাবণ ট্রান্সপোর্টের বাস কন্ট্রাক্টর মো. সোহেল মিয়া দাবি করেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীর চাপ ও যানজট বেড়ে যাওয়ায় ট্রিপ কম দিতে হচ্ছে। এ কারণেই ভাড়া কিছুটা বেশি নেয়া হচ্ছে।

আরেক যাত্রী ও গার্মেন্টস কর্মী মোহাম্মদ শরীফ হোসেন বলেন, ‘অন্য সময় বাসে পাটুরিয়া পর্যন্ত ভাড়া ছিল ২৩০ টাকা, এখন ৪০০ টাকা নিচ্ছে। আমাদের মতো শ্রমিকদের জন্য এটা অনেক কষ্টের।’

শুধু পাটুরিয়া রুট নয়, শিমরাইল মোড় থেকে চাঁদপুর, মতলব, কুমিল্লা, দাউদকান্দি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগের বিভিন্ন রুটেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

এছাড়া নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, আশুগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটগামী যাত্রীরাও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময় দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলমুখী রুটগুলোতে প্রতি বছরই যাত্রীর চাপ বাড়ে। গার্মেন্টস ছুটি শুরু হলে একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক বাড়ির পথে নামায় বাসস্ট্যান্ড ও মহাসড়কে অতিরিক্ত চাপ তৈরি হয়। এ সুযোগে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঈদকে কেন্দ্র করে সকাল থেকেই মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। কোথাও যেন দীর্ঘ যানজট তৈরি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights