ঈদে মিলাদুন্নবী উদযাপনে সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা

অনলাইন ডেস্ক
দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য এ নির্দেশ দেওয়া হয়।

সোমবার অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মাঠপর্যায়ে এ সিদ্ধান্ত বাস্তবায়নে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে বলা হয়, দেশের সব মাদ্রাসায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করতে হবে। এর পাশাপাশি ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ ছাড়া মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতারও আয়োজন করতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

গত ২৩ আগস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ড. মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়।

এর আগে ১৩ আগস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে ওই নির্দেশনা জারি করা হয়েছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights