উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্রসহ ৪ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, বুধবার দুপুর ২টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ বাহারপাড়া সীমান্তবর্তী নাফ নদীর শূন্যরেখা এলাকায় মিয়ানমার থেকে জেলের বেশে নৌকাযোগে কয়েকজন সশস্ত্র ব্যক্তির গতিবিধি নজরে আসে। বিষয়টি শনাক্ত করে টহলরত বিজিবির একটি বিশেষ দল দ্রুত নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র দলটি পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে অস্ত্রধারীরা নৌকা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, তিনটি জি-থ্রি খালি ম্যাগাজিন, তিনটি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুটি এয়ারটেল সিম, ৪ হাজার পিস ইয়াবা, একটি জি-থ্রি পোচ, দুটি লুঙ্গি, একটি কলার গেঞ্জি, ২০ টাকা নগদ অর্থ এবং ১২ প্যাকেট সিগারেট উদ্ধার করেন।

বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, গত ৩০ মে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ কাব্যিক চর এলাকায় দুই জেলে বেশধারী রোহিঙ্গার কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত যে সশস্ত্র দলটি হামলা চালিয়েছিল, বুধবারের ঘটনায় অংশ নেওয়া দলটি সেই একই গ্রুপ। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights