উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৬ আরসা সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) এর ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের ই-ব্লকে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উর্ধ্বতন সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত আজ শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের কে-১২ ব্লকের বাসিন্দা আমির হাকিমের ছেলে মোহাম্মদ আরব (২৪) এবং একই আশ্রয় শিবিরের কে-৬ ব্লকের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ নূরু (৩১), এফ-২৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ছালেহ’র ছেলে মোহাম্মদ ইউনুছ (৩৩), এম-১৯ ব্লকের বাসিন্দা আব্দুল গফ্ফারের ছেলে মোহাম্মদ হারুন (২৮), এম-১১ ব্লকের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে মো. মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২) ও এম-১৯ ব্লকের বাসিন্দা মৃত আবু সিদ্দিকের ছেলে হাফিজুল আমীন (২৫)।
আবু সালাম জানান, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে দেশীয় তৈরী একটি বন্দুক ও দুইটি গুলি পাওয়া যায়। গ্রেফতার আরসার এই ছয় সদস্যকে র‍্যাবের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক স্বীকারোক্তির বরাতে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অবৈধ সুবিধাদি আদায়ের জন্য তারা ময়নার ঘোনা ক্যাম্পে অবস্থান করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights