উচ্চশিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্নদের সুযোগের সমতার ওপর গুরুত্বারোপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগের সমতা সৃষ্টি করা সম্ভব। ফলে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের যে দূরত্ব আছে তা সহজেই দূর করা সম্ভব। এজন্য প্রযুক্তিবিদদের এগিয়ে আসতে হবে।

বুধবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কাউন্সিল ভবনে বাংলাদেশের অন্তর্ভূক্তিমূলক উচ্চশিক্ষার ওপর ডাইভার্সএশিয়া প্রকল্পের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর উদ্যোগে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুররি কমিশনের সহযোগিতায় দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাইভার্স এশিয়া প্রকল্পের গবেষক হিসেবে আছেন বুয়েটের আইআইসিটি এর অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হলো উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে তাদের সমবয়সীদের মতো সমান সুবিধা লাভ করতে পারে এবং ডিজিটাল প্রশিক্ষণ সামগ্রীগুলো সহজে ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা। এ উদ্দেশ্যে বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা এবং সংস্থান উন্নত করা যাতে শিক্ষার্থীদের মাঝে বৈচিত্র্যতা অন্তর্ভুক্ত করা, বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং নির্দেশিকা, চেকলিস্ট এবং অনুশীলনসমূহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নিয়োজিত প্রশিক্ষকদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ এবং সরঞ্জাম সরবরাহ করা।

বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, ডাইভার্সএশিয়ার সঙ্গে বুয়েটের সম্পর্কের ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব তা দূর হবে এবং তারা একসঙ্গে ডিজিটাল মাধ্যমগুলো যেমন ওয়েবসাইট, সফটওয়্যার অ্যাপলিকেশন, ইলেক্ট্রনিক ডকুমেন্টস প্রভৃতি সহজে ব্যবহার করতে পারবে। বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এই প্রজেক্টে ডাইভার্সএশিয়ার সঙ্গে একসাথে কাজ করতে পেরে আমরা নিজেদের সম্মানিত ও গর্বিত মনে করছি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বলেন, বুয়েট ও ডাইভার্সএশিয়ার মধ্যে এই প্রজেক্টের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সাধারণ শিক্ষর্থীদের মতো সমান সুযোগ পাবে। আমি মনে করি আজকের এই উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্ট যুক্ত হয়ে আমাদের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights