উজবেকিস্তান ম্যাচে কি কাটবে রোনালদোর গোল খরা?

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ ‘কে’ তে হতাশাজনক ড্র দিয়ে অভিযান শুরু করা পর্তুগাল এবার প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে নবাগত উজবেকিস্তানের।

হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১১টায়। আসরে এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল, অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিষেক হয় উজবেকিস্তানের।

ম্যাচের আগে আলোচনায় রয়েছে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ গোল খরা। পরিসংখ্যান অনুযায়ী, বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) সবশেষ ১০ ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি। এই সময়ে তিনি ৩৩টি শট নিলেও মাত্র ১১টি লক্ষ্যে রাখতে সক্ষম হন, কিন্তু কোনো গোল আসেনি।

পেনাল্টি বাদ দিলে পরিস্থিতি আরও কঠিন, টানা ১৩ ম্যাচ ধরে বড় টুর্নামেন্টে গোলহীন রয়েছেন রোনালদো। এই সময়ে ৪২টি শট নিয়েও জালের দেখা পাননি তিনি।

পরিসংখ্যানে আরও দেখা যায়, আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও উজবেকিস্তান। এশিয়ান কনফেডারেশনের দলগুলোর বিপক্ষে পর্তুগালের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা ভালো নয়—২০১৮ সালে ইরানের সঙ্গে ড্র এবং ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার কাছে হারের পর জয়হীন রয়েছে দলটি।

অন্যদিকে উজবেকিস্তানের জন্যও ইউরোপীয় দলের বিপক্ষে পরিসংখ্যান অনুকূল নয়। উয়েফা সদস্য দেশগুলোর বিপক্ষে সবশেষ ২৩ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা, যার বাকি ম্যাচগুলোর মধ্যে ১০টি ড্র ও ১২টি হার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights