উত্তর গাজায় হামাসের টানেল গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

ধ্বংসস্তুপে পরিণত উত্তর গাজায় হামাসের একটি টানেল গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মতে, ২০১৪ সালে গাজায় যুদ্ধের সময় সেনাদের ওপর মারাত্মক হামলায় ব্যবহৃত উত্তর গাজার বেইত হানুনের একটি টানেল সম্প্রতি ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সেনারা ‘অপারেশন প্রোটেক্টিভ এজ’ চলাকালীন হামাস যোদ্ধাদের ব্যবহৃত ভূগর্ভস্থ পথ ধ্বংসের কাজ সম্পন্ন করেছে, যারা বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যা করেছিল।

এর আগেও ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ওই এলাকায় তাদের অভিযানে কয়েক ডজন সামরিক অবকাঠামো খুঁজে পেয়েছে, ধ্বংস করেছে এবং হামাস যোদ্ধাদের হত্যা করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, তখন থেকে ইসরায়েলি হামলা ধ্বংসস্তুপে পরিণত গাজায় ৫৬ হাজার ২৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৩২ হাজার ৪৫৮ জন।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights