উত্থানে ফিরেছে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ ধসের পর উত্থানে ফিরেছে শেয়ারবাজার। গতকাল সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ৩৩৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৩টির। আর ৩৭টির দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিন সোমবারের তুলনায় ১৪৮ পয়েন্ট বেড়ে ৫২৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৭৩ টাকা। সোমবার লেনদেন হয় ৪১৬ কোটি ৯ টাকা। গতকাল লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংকের শেয়ার। প্রতিটি ১ টাকা ১০ পয়সা বেড়ে ৩১ টাকা ৩০ পয়সায় কোম্পানিটির ৩৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৭৪ লাখ টাকার। ২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।
সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৩২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩২টির এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৮ কোটি ৫৫ লাখ টাকা।
