উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ‘সবাই আমাকে মাফ করে দিও’ লিখে গলায় গামছা পেঁচিয়ে চরম সিদ্ধান্ত

কুড়িগ্রাম প্রতিনিধি: ২১.০২.২০২৬
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের স্লুইচগেট বাজার সংলগ্ন
গণকপাড়া এলাকায় চিরকুট লিখে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন
আবু কালাম (১৮) নামে এক যুবক। তিনি ওই এলাকার মোহাম্মদ গোলজার আলীর
ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সেহরি খাওয়ার
জন্য ছেলেকে ডাকতে যান তার মা। একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া
না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ডাকচিৎকার শুনে স্থানীয়
লোকজন ছুটে আসেন। ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা আবু কালামকে ঝুলন্ত
অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তার শয়নকক্ষ থেকে একটি
চিরকুট জব্দ করা হয়।
চিরকুটে আবু কালাম লিখেছেন, “প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে
তোমাদের মতো পরিবার পেয়েছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে
তোমরা একটুও সুখী নও। কারণ আমি বেকার। সারাজীবন শুধু তোমাদের খেয়ে
গেছি, কখনো তোমাদের খাওয়াতে পারিনি। তোমরা সবাই আমাকে মাফ করে দিও।
আমার জন্য দোয়া করো। আমিও দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো
পরিবারে না জন্মে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে
পরিবেশ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থল
থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম
মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা
হয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া
হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights