উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবা‌ড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

কু‌ড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরুসহ পাঁচটি ঘর এবং ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রা‌তে উপজেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বা‌ড়ির মা‌লিক রফিকুল ইসলাম।

এলাকাবাসী জানায়, ওই এলাকার মৃত নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। মঙ্গলবার রা‌তে হঠাৎ তার বাড়ির রান্নাঘরে আগুন দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের গোয়ালঘরসহ পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোয়ালঘরে থাকা চারটি গরু, একটি রান্নাঘর, তিনটি বসতঘর এবং ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ঘরে মজুত রাখা প্রায় ২০ মণ ধান, ৪ মণ সরিষা ও আলু আগুনে পুড়ে যায়। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলামের স্ত্রী আজিতা বেগম বলেন, আমরা শেষ হয়ে গেছি। কষ্ট করে গড়া সবকিছু আগুনে পুড়ে গেছে। এখন আমাদের কিছুই অবশিষ্ট নেই।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও কারণ নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights