এ বছর হচ্ছে না বিপিএল

ক্রীড়া প্রতিবেদক

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই আসরে প্রায় ৪০ কোটি টাকা লোকসানের বিষয়টি বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন করতে চায় না বোর্ড। সবকিছু নতুনভাবে গুছিয়ে আগামী বছর বিপিএল ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে।

বিপিএল নিয়ে আলোচনায় বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি।’ তামিমের মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান নয়। তাই সমস্যাগুলো সমাধান না করে লোকসান দিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন নেই। তবে বিপিএল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। প্রয়োজন হলে ছয় মাস বা এক বছর সময় নিয়ে আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিসিবি। দলগুলোর বকেয়া, ব্যাংক গ্যারান্টি ও অন্যান্য জটিলতা ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। আগামী আসরের জন্য যথেষ্ট সময় হাতে রেখে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চায় বোর্ড।

তামিম সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। এতে কোনো দল শেষ মুহূর্তে সরে গেলে বিকল্প দল খোঁজার জন্যও পর্যাপ্ত সময় থাকবে। দ্রুত কয়েকটি দল গঠন করে বিপিএল আয়োজন করা সম্ভব হলেও সে পথে হাঁটতে চান না বিসিবি সভাপতি। তাঁর ভাষায়, সুষ্ঠু ক্রিকেট আয়োজন এবং বিসিবির মর্যাদা বজায় রাখাই গুরুত্বপূর্ণ। এজন্য সমালোচনা হলেও তিনি প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights