এই প্রযুক্তিই কি এনে দেবে ব্রাজিলের হেক্সা, জার্সির নিচে কী লুকানো রহস্য

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের দীর্ঘ অপেক্ষা ঘোচাতে এবার একেবারে ভিন্ন পথে হাঁটছে ব্রাজিল। শুধু মাঠের পারফরম্যান্স নয়, প্রযুক্তিকেও সমান গুরুত্ব দিয়ে হেক্সা মিশনে নেমেছে সেলেসাওরা। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটির প্রস্তুতিতে যুক্ত হয়েছে আধুনিক স্পোর্টস সায়েন্স ও ডেটা অ্যানালিটিক্স।

ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল হওয়া সত্ত্বেও গত ২৪ বছর বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি ব্রাজিল। সেই আক্ষেপ কাটাতে ২০২৬ বিশ্বকাপে তারা ভরসা রাখছে সেন্সরযুক্ত ‘স্মার্ট ভেস্ট’-এর ওপর। এই প্রযুক্তির মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস, হার্ট রেট, ক্লান্তি ও ইনজুরি পরিস্থিতি সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যাচ্ছে।

আগামী ২৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে দিনরাত কাজ করছেন দলের ক্রীড়া বিজ্ঞানীরা।

স্মার্ট ভেস্ট মূলত একটি ইলেকট্রনিক পারফরম্যান্স অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম, যা জার্সির নিচে পরা হয়। ক্যাটাপল্ট কোম্পানির তৈরি এই ডিভাইসে থাকে জিপিএস ট্র্যাকার ও হার্ট রেট মাপার ইলেকট্রোড। এর মাধ্যমে খেলোয়াড়দের প্রতিটি নড়াচড়া ও শারীরিক পরিবর্তন রিয়েল টাইমে বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে।

ব্রাজিল জাতীয় দলের স্পোর্টস সায়েন্স প্রধান গুইলহার্ম পাসোস বলেন, নেইমার জুনিয়রসহ খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন লিগে খেললেও এই প্রযুক্তির মাধ্যমে তাদের ডেটা সরাসরি জাতীয় দলের কাছে পৌঁছে যায়। ফলে কোচিং স্টাফরা দূর থেকেও তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন।

ইনজুরি প্রতিরোধেও বড় ভূমিকা রাখছে এই প্রযুক্তি। একজন খেলোয়াড় কত গতিতে দৌড়াচ্ছেন বা পেশির ওপর কতটা চাপ পড়ছে, তা সরাসরি জানা যাচ্ছে। এতে করে ইনজুরি থেকে ফেরা খেলোয়াড়দের প্রস্তুতি নিশ্চিত করা সহজ হচ্ছে।

কৌশল নির্ধারণেও ডেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কোনো খেলোয়াড় দ্রুতগতির হলে তাকে কাউন্টার অ্যাটাকে ব্যবহার করা, বা ক্লান্ত খেলোয়াড়কে দ্বিতীয়ার্ধে নামানো—এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তথ্য বিশ্লেষণ করেই।

তবে প্রযুক্তির পাশাপাশি মানুষের বিচারবুদ্ধিকেও সমান গুরুত্ব দিচ্ছে ব্রাজিল। গুইলহার্ম পাসোস বলেন, একবার ডেটায় একজন খেলোয়াড়ের দৌড় কম দেখা গেলেও ভিডিও বিশ্লেষণে দেখা যায়, তিনি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সব মিলিয়ে প্রযুক্তির সহায়তায় দল সাজালেও মাঠের লড়াইয়ে শেষ কথা বলবে খেলোয়াড়দের পারফরম্যান্সই। হেক্সা জয়ের স্বপ্ন পূরণে তাই প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়েই এগোচ্ছে ব্রাজিল।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights