এএফসি থেকে বিদায় নিল রাজশাহী স্টারস
স্পোর্টস ডেস্ক
এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল রাজশাহী স্টারস। প্রথম ম্যাচে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার সাবাহ এফসির কাছেও হারল বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি।
বৃহস্পতিবার মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে সাবাহ এফসির বিপক্ষে ২-১ গোলে হারে গোলাম রব্বানী ছোটনের দল। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রাজশাহী। দ্বিতীয়ার্ধে দুই দলই একটি করে গোল করে। রাজশাহীর হয়ে ব্যবধান কমান মোসাম্মৎ সুলতানা।
এর আগে প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছিল রাজশাহী স্টারস। ফলে দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের ক্লাবটির।
তবে টানা দুই ম্যাচে হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাজশাহীর প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন।
গ্রুপ পর্বে রাজশাহী স্টারসের শেষ ম্যাচ আগামী ২৩ আগস্ট। ওই ম্যাচে গুয়ামের ক্লাব রোভার্স এফসির মুখোমুখি হবে বাংলাদেশের দলটি। বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচে জয় নিয়ে প্রতিযোগিতা শেষ করার সুযোগ থাকছে রাজশাহীর সামনে।
