এএফসি বাছাইয়ে হংকংয়ের কাছে হেরে তলানিতে ভারত

অনলাইন ডেস্ক

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত থাকল ভারতের। বাংলাদেশের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের কাছে শেষ মুহূর্তের পেনাল্টিতে হেরে যায় সুনীল ছেত্রীরা।

বুধবার হংকংয়ের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভারতীয় গোলরক্ষক বিশাল কাইতের ভুলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ভারতের জালে বল জড়ান পেরেইরা। এই গোলেই ১-০ ব্যবধানে জয় পায় হংকং।

এই হারের ফলে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তলানিতে নেমে গেছে ভারত। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে তিনে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৪ পয়েন্ট করে নিয়ে সিঙ্গাপুর ও হংকং অবস্থান করছে গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানে।

দলকে বাঁচাতে ৫৮ মিনিটে মাঠে নামেন অবসর ভেঙে ফেরা ভারতের অভিজ্ঞ তারকা সুনীল ছেত্রী। কিন্তু তিনিও দলের দুর্দশা কাটাতে পারেননি। ভারতের রক্ষণভাগ ছিল দিশাহীন, বারবার চাপে পড়ে ভুল করেছে সন্দেশ জিঙ্ঘন ও আনোয়ার আলির মতো খেলোয়াড়রা।

ম্যাচের শুরুতেই হংকং গোলের সুযোগ পেয়েছিল ভারতের রক্ষণে ভুলের সুযোগ নিয়ে, যদিও তখন তারা গোল করতে ব্যর্থ হয়। কিন্তু চাপ অব্যাহত রেখে অবশেষে যোগ করা সময়ে গোল আদায় করে নেয় তারা।

বিশাল কাইতের অপ্রয়োজনীয় একটি ফাউলের ফলেই হংকংয়ের ভাগ্যে জুটে যায় জয়সূচক গোল। ম্যাচ শেষে ভারতীয় সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে।

সুনীল ছেত্রীর পারফরম্যান্সও প্রশ্নের মুখে। বয়সের ছাপ পড়ছে তার খেলায়, কিন্তু তবুও কোচ ইগর স্টিমাচের উত্তরসূরি মার্কেজ তার ওপরই ভরসা রাখছেন, যা এখন ভারতের জন্য বড় এক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights