এক্সপ্রেসওয়ের ক্রেন রেললাইনে, ঘণ্টাখানেক বন্ধ ছিল ট্রেন
অনলাইন ডেস্ক
রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন রেললাইনে পড়ে যাওয়ায় ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।
শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।
তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এর ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা ও দেশের বেশিরভাগ অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল।
ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয় বলে জানান তিনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
