এথেন্সের কাছে ভয়াবহ দাবানল

অনলাইন ডেস্ক

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। সোমবার (১৭ জুলাই) সেখানে পৃথক দু’টি দাবানল সৃষ্টি হয় এবং জোরে বাতাস প্রবাহের কারণে এথেন্সের নিকটবর্তী উপকূলীয় শহরগুলোর মধ্যেও তা অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে। বহু বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রায় ২৭ কিলোমিটার (১৭ মাইল) দক্ষিণ-পূর্বে কুভারাস গ্রামে আগুন লাগার ঘটনাটি বেশ জোরালো বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে বলে গ্রীক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ভয়াবহ এই আগুনে অন্তত পাঁচটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই আগুন লাগোনিসির সমুদ্রতীরবর্তী আবাসিক এলাকায়ও ছড়িয়ে পড়েছে। এটি মূলত গ্রীষ্মকালীন রিসোর্ট হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়।

রয়টার্স বলছে, আগুন ছড়িয়ে পড়ার পর বিস্তৃত এলাকায় ১০০ জনেরও বেশি নাগরিককে সরিয়ে নিতে সাহায্য করেছে পুলিশ। কালিভিয়া এবং অ্যানাভিসোসের আশপাশের অঞ্চলে আগুন আস্তাবলে পৌঁছে যাওয়ায় কয়েক ডজন ঘোড়াকে ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়।

গ্রীক ফায়ার সার্ভিসের মুখপাত্র ইওনিস আর্টোপোইওস টেলিভিশন ব্রিফিংয়ে বলেন, ‘উচ্চ বাতাসের কারণে, আগুন দুই ঘণ্টার মধ্যে ১২ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights