এনসিপি নেতা তানভীরের কুশপুতুল দাহ
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এ সময় তানভীরের কুশপুতুল দাহ এবং তাতে জুতা নিক্ষেপ করা হয়। গতকাল বেলা ২টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় মোড় হয়ে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। মিছিলটি সাতমাথা চত্বরে পৌঁছালে সেখানে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গাজী সালাউদ্দিন তানভীরের কুশপুতুল দাহ এবং তাতে জুতা নিক্ষেপ করেন। পরে সাতমাথার বিভিন্ন সাইনবোর্ড ও বিলবোর্ডে টাঙানো গাজী তানভীরের ব্যানার-পোস্টার অপসারণ করা হয়।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কোনো ধরনের অশালীন মন্তব্য ও কটূক্তি মেনে নেওয়া হবে না। এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে এনসিপি থেকে দ্বিতীয় দফায় অব্যাহতি পেলেন এই নেতা। এর আগে শুক্রবার রাতে তাকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।
একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় সমাবেশে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির কয়েকজন নেতার বক্তব্য নিয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল নেতারা বগুড়াসহ সারা দেশে গাজী তানভীর ও নাসীর পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।
