এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম

এপ্রিলে ভোক্তা পর্যায়ে অপরিবর্তিত রাখা হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।

রবিবার এলপিজির দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম এক হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে, ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক হাজার ৪৭৮ টাকা।

আর জানুয়ারি মাসের শুরুতে সেই মাসের জন্য এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম চার টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

এদিকে, রবিবার এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে দুই পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ৩ মার্চ সেই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম এক টাকা ৩১ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়। এছাড়া, ফেব্রুয়ারিতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়।

আর জানুয়ারি মাসের শুরুতে সেই মাসের জন্য তিন পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয় অটোগ্যাসের দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পুনর্নির্ধারণ করা হয়। আর গত ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয় ৬৬ টাকা ৮৫ পয়সা।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, এপ্রিল মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬১৫ মার্কিন ডলার ও ৬০৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬০৮.৫০ মার্কিন ডলার বিবেচনায় এপ্রিল মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights