এবার গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক
এবার গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছে, ট্রাম্পের এমন সিদ্ধান্ত বাণিজ্যিক অংশীদারদের পাল্টা ব্যবস্থা নিতে উৎসাহিত করবে। ফলে বাণিজযুদ্ধ আরও ছড়িয়ে পড়বে।

ট্রাম্পের এই ঘোষণার পর বৃহস্পতিবার এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে গাড়ি নির্মাতাদের শেয়ারের দামে ব্যাপক পতন হয়েছে।

জাপান সরকার ওয়াশিংটনের এই পদক্ষেপকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছে। দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, টোকিও সব ধরনের পাল্টা ব্যবস্থা বিবেচনা করছে।

ট্রাম্প ওভাল অফিসে এ সংক্রান্ত আদেশে সই করার সময় বলেন, আমরা যা করতে যাচ্ছি তা হলো যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সব গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক ৩ এপ্রিল থেকে কার্যকর হবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের শুল্ক আরোপকে তার দেশের কর্মীদের ওপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছেন। পাল্টা পদক্ষেপের বিষয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক করবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, তার এই নতুন বাণিজ্যনীতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডার ওপর।

কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ইস্পাত বাণিজ্য অংশীদার। পাশাপাশি, কানাডা দেশটির সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম সরবরাহকারীও বটে।

সম্প্রতি ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন-শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, বিবিসি, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights