এবার মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে ‘তুলে নেওয়ার হুমকি’

অনলাইন ডেস্ক

এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্ৎসকে তুলে আনার হুমকি দেওয়া হয়েছে। তবে এই হুমকি যুক্তরাষ্ট্র নয়, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ দিয়েছেন। এরই মধ্যে এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি।

সম্প্রতি মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মতো ‘অপহরণ অভিযান’ বিশ্বের অন্যান্য নেতাদের ক্ষেত্রেও কল্পনা করা যেতে পারে। এ ধরনের সম্ভাব্য লক্ষ্য হিসেবে তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের নাম উল্লেখ করেন।

মেদভেদেভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, নব্য-নাৎসি মের্ৎসকে অপহরণ করা এই ঘটনাপ্রবাহের কার্নিভালে এক চমৎকার মোড় হতে পারে। বর্তমানে মেদভেদেভ রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

তিনি আরও দাবি করেন, এমন একটি পরিস্থিতি অবাস্তব নয়, কারণ জার্মানিতেই তার বিরুদ্ধে মামলা চালানোর মতো ভিত্তি রয়েছে। ফলে এতে কোনও ক্ষতি হবে না, বিশেষ করে যখন নাগরিকরা অকারণে ভুগছে।

সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় জার্মান সরকার। বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেন, আপনারা যেমনটি ভাবতে পারেন, আমরাও অবশ্যই এসব বক্তব্য লক্ষ্য করেছি। তাছাড়া আপনারা যেমনটা কল্পনা করতে পারেন, ফেডারেল সরকার এ ধরনের যেকোনও বক্তব্য ও হুমকিকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।

তিনি আরও বলেন, রাশিয়ার পক্ষ থেকে এমন হুমকি সত্ত্বেও জার্মান চ্যান্সেলর ‘সম্পূর্ণভাবে সুরক্ষিত’ ও ‘নিরাপদ’ রয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে তারা নিউইয়র্কের একটি আদালতে মাদক পাচারসংক্রান্ত অভিযোগে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি। সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights