এবার লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ আটকে দিল হুথিরা

অনলাইন ডেস্ক

এবার লোহিত সাগরে ইসরায়েলগামী একটি বাণিজ্যিক জাহাজ আটকে দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। পরে সেটিকে উল্টো দিকে ফেরত পাঠানো হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে এই পদক্ষেপ নিল হুথিরা।

জাহাজটি ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লেবাননের আরবি ভাষার আল-মায়াদিন টেলিভিশন নিউজ নেটওয়ার্ক।
প্রতিবেদনে বলা হয়, জাহাজটিকে প্রথমে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেটি সতর্কবার্তা উপেক্ষা করেই সামনে এগোতে থাকে। এরপরই জাহাজটির গতিরোধ করা হয় ও উল্টো দিকে ফেরত পাঠানো হয়।

এর আগে শনিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজাবাসী যদি প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তবে ইসরায়েলের দখলকৃত অঞ্চলের দিকে ইয়েমেনের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে চলাচলকারী সকল জাহাজ ‘বৈধ লক্ষ্যে’ পরিণত হবে।

এ সময় তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বা অধিকৃত অঞ্চলের বন্দরের জন্য নির্ধারিত জাহাজ ব্যতীত বিশ্বের সমস্ত জাহাজ এই রুট দিয়ে তাদের বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে। সূত্র: প্রেসটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights