এশিয়ান গেমসের ১০ দল চূড়ান্ত, তালিকায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

এশিয়ান গেমস ক্রিকেটের ১০ দল চূড়ান্ত হয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হবে এবারের আসর। আইসিসির পূর্ণ সদস্য দেশ হওয়ায় বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি মূল পর্বে খেলবে। বাছাইপর্ব পেরিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান। আয়োজক দেশ হিসেবে আগেই জায়গা নিশ্চিত করেছে জাপান।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ ‘এ’ থেকে উত্তীর্ণ হয় নেপাল ও মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে মূল পর্বের টিকিট কাটে হংকং ও ওমান।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপাল বাছাইপর্বেও ছিল দুর্দান্ত ছন্দে। প্রথম ম্যাচে তারা চীনকে ২২১ রানের বিশাল ব্যবধানে হারায়। এরপর মালয়েশিয়ার বিপক্ষেও ১৬৭ রানের বড় জয় তুলে নেয়। টুর্নামেন্ট শুরুর আগে কাতার নাম প্রত্যাহার করায় দুই জয়েই গ্রুপসেরা হয়ে যায় নেপাল।

নেপালের কাছে হারলেও চীনের বিপক্ষে জয় তুলে নিয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করে মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে হংকং ও ওমান উভয়ই বাহরাইন ও স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে পুরুষদের ক্রিকেট ইভেন্ট। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

সর্বশেষ ২০২৩ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়লেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পদক নিশ্চিত করে টাইগাররা। সেই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইয়াসির আলী। তার পারফরম্যান্সে ভর করেই ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights