এস আলমের ৮ হাজার কোটি টাকা অবরুদ্ধের আদেশ

আদালত প্রতিবেদক

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৭১১ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২২৭টি হিসাবে এসব টাকা জমা আছে।

রবিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত।

এর আগে দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক এসব সম্পদ অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে দেখা যায় যে, সাইফুল আলম ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাতপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ করেছেন। বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তিনি এবং তার পরিবারের সদস্যরা অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে তার উদ্ধার করা দূরূহ হয়ে পড়বে। তাই অত্র অনুসন্ধান শেষে মামলা রুজু ও তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর বিজ্ঞ আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে সাইফুল আলমের এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামীয় বিভিন্ন কোম্পানির ৪২টি শেয়ারে থাকা ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা এবং শেয়ারসমূহ থেকে উদ্ভূত সকল মুনাফা অবরুদ্ধের আদেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights