এসএসসি পরীক্ষা : ফেনীতে শিক্ষক বহিষ্কার
ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে গোলাম মাওলা নামে একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত গোলাম মাওলা মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক।
জানা যায়, বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান কেন্দ্রে প্রবেশ করলে একজন শিক্ষককে তার পরিচয় জানতে চাইলে শিক্ষক জানান তার নাম গোলাম মাওলা। তিনি স্থানীয় কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। শিক্ষকের কথা অসংলগ্ন মনে হওয়ায় ইউএনও কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিনকে ফোন করে তার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এ নামে কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষক নেই।
তখন ইউএনও গোলাম মাওলাকে সঠিক তথ্য দেওয়ার জন্য বললে তিনি জানান, তার নাম গোলাম মাওলা। তিনি মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এবং তার দায়িত্ব বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ কেন্দ্র হলেও তিনি বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিচয় গোপন করে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি জানাজানির পর ইউএনও কেন্দ্র সচিবকে শিক্ষক গোলাম মাওলাকে বহিষ্কার করা ও হল সুপার হোসেন মো. আলমগীরের দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব নুরুল আলম শিক্ষক গোলাম মাওলাকে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, পরিচয় গোপন করে এক কেন্দ্রের শিক্ষক, অন্য কেন্দ্রে দায়িত্ব পালন ও ইংরেজি বিষয়ের শিক্ষক হয়েও ইংরেজি পরীক্ষায় দায়িত্ব পালন করার অপরাধে শিক্ষক গোলাম মাওলাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই হল সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
