ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা-২০২৩ এর উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা ঈদ পরবর্তী এই মিলন মেলায় মিলিত হয়। বন্ধু ও স্কুল জীবনের সহপাঠীদের পেয়ে দিনভর আনন্দ উৎসবে মেতে উঠেন তারা। গল্প, হৈ-হুল্লোড়, আড্ডা ও বক্তৃতায় স্মৃতিচারণ করেন।

শনিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। সেখানে উদযাপন কমিটির আহ্বায়ক জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধাকালীন নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম, পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি খুলনার প্রতিষ্ঠাতা ডা. ইউসুফ আব্দুল্লাহ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইখতেখার আলী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য জেলা পুলিশিং কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম প্রমুখ।

স্মৃতিচারণে বক্তারা সহপাঠীদের উদ্দেশ্য করে বলেন ‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে, পরিমাপ করার সাধ্য কারো নেই। বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একেকটা বন্ধুই অন্যবন্ধুর জন্যই ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা। স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় সব শিক্ষার্থী। এদের মধ্যে অনেকে সংসদ সদস্য, ডাক্তার, মেয়র, চেয়ারম্যান, প্রকৌশলী, আইনজীবী, রোটারিয়ান, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা ‘স্কুল বন্ধু’।
মিলনমেলায় দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও মিলন মেলা-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আকতার হোসেন ও প্রাক্তন ছাত্র রাশেদুজ্জামান রাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights