ওমানে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
ওমানের দুকম বন্দরে নোঙর করা একটি জাহাজে থাকা ভারতীয় এক নাবিকের মৃত্যু হয়েছে।

সেলেস্টিয়াল নামের জাহাজটিতে ওই নাবিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।

স্থানীয় সময় শনিবার রাতে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দূতাবাস জানিয়েছে, মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভারতের সরকারি তথ্য বলছে, বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ৩ লাখেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এরমধ্যে মধ্যপ্রাচ্যেই ১৮ হাজারের বেশি ভারতীয় নাবিক কাজ করছেন।

এর আগে ওমান উপকূলে একটি ট্যাংকারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়। এ ঘটনার মাত্র কয়েক দিন পর নতুন করে আরও এক নাবিকের মৃত্যুর ঘটনা ঘটল। আগের ওই হামলার ঘটনা ভারতের সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে জি-সেভেন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় বিষয়টি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছে বিরোধী দলগুলো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’কে তলব করে বেসামরিক জাহাজের ওপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া হামলার প্রতিবাদে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতকে দ্বিতীয়বারের মতো তলব করে প্রতিবাদ জানিয়ে এক বিরল পদক্ষেপও গ্রহণ করেছে নয়াদিল্লি। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights