ওয়াগনারের মতো বাহিনী প্রতিষ্ঠা করতেন চান চেচেন নেতা কাদিরভ

অনলাইন ডেস্ক

রুশ ভাড়াটে সেনাদল ‘ওয়াগনার গ্রুপ’-এর আদলে নিজস্ব সামরিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছেন চেচেন নেতা রমজান কাদিরভ। পুতিনের এই সহযোগী রবিবার তার এই পরিকল্পনার কথা জানান।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর ওয়াগনার গ্রুপ ব্যাপক পরিচিতি পেয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রধান কার্যালয় খুলেছে তারা। ওয়ানগারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোঝিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ হিসেবে পরিচিত। ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে লড়াই করা ছাড়াও সিরিয়া, লিবিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ অন্যান্য জায়গায়ও ওয়াগনার গ্রুপে তৎপরতা রয়েছে। রাশিয়ার ভাড়াটে এই যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠানকে ‘আন্তদেশীয় অপরাধী সংগঠন’ হিসেবে চিহ্নিত করছে যুক্তরাষ্ট্র।

চেচেন নেতা রমজান কাদিরভ এক টেলিগ্রাম পোস্টে লেখেন, ইউক্রেন যুদ্ধে ওয়াগনার সেনারা দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। তাদের এমন সফলতা নিজস্ব সামরিক কোম্পানি থাকার প্রয়োজনীয়তার কথা জানান দিয়েছে। ৪৬ বছর বয়সী রমজান কাদিরভ আরও বলেন, যখন রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব পালন শেষ হয়ে যাবে, তখন একটি নিজস্ব সামরিক কোম্পানি গড়ে তোলায় মনোযোগ দেব। এ কোম্পানি ওয়াগনার গ্রুপের সঙ্গে প্রতিযোগিতা করবে। আমি মনে করি, এটাও দুর্দান্ত কাজ করবে।
২০০৭ সালে পুতিন রমজান কাদিরভকে চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তখন থেকে চেচনিয়া অঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। এক দশক ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করে ব্যর্থ হয়েছেন চেচেন বিচ্ছিন্নতাবাদীরা

ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুদ্ধ নিয়ে বিভিন্ন মন্তব্য, নিজ গোষ্ঠীর যোদ্ধাদের ইউক্রেনে পাঠানোসহ নানা কারণে আলোচিত চেচেন নেতা রমজান কাদিরভ। গত বছরের অক্টোবরে নিজের তিন কিশোর ছেলেকে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিতে ইউক্রেনে পাঠানোর ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। ওই সময় তিনি বলেছিলেন, একেবারে ছোট থেকেই সামরিক প্রশিক্ষণ পাওয়া তার ছেলেদের এখন সত্যিকারের যুদ্ধে অংশ নেওয়ার সময় এসেছে। তার তিন ছেলের বয়স যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ বছর। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights