ওয়াহাব রিয়াজ যাকে নিয়ে বাবরদের সতর্ক করলেন

অনলাইন ডেস্ক
কাল বিকালেই শুরু হবে পাকিস্তান-ভারত ক্রিকেট লড়াই। এশিয়া কাপের ৫০ ওভারের আসরে মাঠের লড়াইয়ে নামার আগেই দুই দেশ করে ফেলেছে বেশ কথার লড়াই। ভারতের অনীহার মুখেই এশিয়া কাপ আয়োজন করা হয়েছে হাইব্রিড ফর্মুলায়। ভারত খেলতে পাকিস্তানে যাবে না। ফলে শ্রীলঙ্কাকেও করা হয়েছে সহ-আয়োজক। সেই কথার রেশে বেশ তেতে আছে দুই দেশ। যার প্রভাব পড়বে মাঠের খেলাতেও। তাই উভয় দলই রয়েছে সতর্ক অবস্থানে।

পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ তাই বাবর আজমদের দিয়েছেন বিশেষ সতর্কতা। তিনি বিরাট কোহলি কিংবা অন্য কোনো ব্যাটার নয় ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েই পাকিস্তানকে বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন।

জালমি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রিয়াজ বলেছেন, ‘রোহিত শর্মাকে দ্রুত আউট করার পথ পাকিস্তানকে খুঁজে নিতে হবে। তিনি ধারাবাহিকভাবে পাকিস্তানের বিপক্ষে বড় অংকের রান করছেন। আর বাবর ও ইমাদকেও নতুন বলে ভারতকে সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে।’
ভারতের বর্তমান ব্যাটারদের মধ্যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। তার ঝুলিতে দেশটির বিপক্ষে আছে ৭২০ রান। যার মধ্যে আছে ছয়টি অর্ধ শতক ও দুইটি শতকও।

ওয়াহাব রিয়াজের মতে, প্রথম ১০ ওভার যে দল ভালো খেলতে পারবে, সেই দলই অনেকটা এগিয়ে থাকবে। তার মতে দুই দেশের ওপেনারদের ওপরই নির্ভর করবে ম্যাচের ভাগ্য।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights