কক্সবাজারে পাহাড় ধসে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে মিনহাজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমের ঝিরি এলাকার খলিফা মুড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ স্থানীয় বাসিন্দা কলিম উল্লাহ ও রুবি আক্তারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর আলম জানান, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় মিনহাজ মাটিচাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।

এদিকে, এই মৃত্যুর ঘটনায় কক্সবাজারে গত প্রায় ১৫ ঘণ্টায় পাহাড়ধসে নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights